রাজনীতি

আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস আলম

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৬ , ৯:১১:৪৯ প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা কিভাবে কর্মসূচি করবো তা বিএনপির আমাদেরকে শিখাতে হবে না। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না। বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরা ঠিক করব। আজ সোমবার দুপুরে পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টির এক সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিএনপি বলছে, এটা লংমার্চ না রোডমার্চ। আবার কেউ কেউ বলছে লংড্রাইভ। আমাদের এটা যদি লং ড্রাইভ হয় তাহলে বেগম খালেদা জিয়া যেটা করেছিল সেটাও লংড্রাইভ। আর বেগম খালেদা জিয়ারটা যদি লংমার্চ হয় তাহলে আমাদেরটাও লংমার্চ।

বিএনপি বিরোধীদল হিসেবে ব্যর্থ ছিল উল্লেখ করে সারজিস বলেন, আপনাদের শিখাতে হবে না বিরোধী দল কি কর্মসূচি করবে। আপনারা যখন মার্চ টু ডেমোক্রেসির ঘোষণা দিয়েছিলেন তখন শুধুমাত্র একটি বালুর ট্রাক দিয়ে আপনাদের পুরো লংমার্চকে শেষ করে দেওয়া হয়েছিল। আপনারা বালুর ট্রাককেও সরাতে পারেন নাই। তাহলে আপনারা বিরোধী দল হিসেবে ব্যর্থ হয়েছিলেন সেই লংমার্চ দিতে। সেই ব্যর্থ বিরোধী দলের নসিহত নিয়ে আমাদেরকে বিরোধীদলের কার্যক্রম ঠিক করে দিতে হবে না। যদি বিএনপি মনে করে তারা তাদের জায়গা থেকে আমাদের প্রতিরোধ করবে তাহলে আমরা মনে করি এটার ফলাফল কখনও ভালো হবে না।

তিনি আরও বলেন, আমাদের এনসিপির একজন যখন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিল আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কেন্দ্রীয় কমিটির একজন এমন একটা ভাষায় সমালোচনা করেছিল আমরা মনে করেছি এই ভাষায় সমালোচনা করা ঠিক হয় নাই। ভাষা ঠিক হয় নাই বিধায় আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছিলাম। কিন্তু বিএনপি ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তাকে জেলে নিয়েছে রিমান্ডে নিয়েছে। সর্বশেষ এখন পর্যন্ত তাকে জামিন দেওয়া হয় নাই।

সরকারের বলা বাকস্বাধীনতার কথাকে মিথ্যা জানিয়ে এনসিপির এই নেতা আরও বলেন, তারেক রহমান এই যে বাকস্বাধীনতার কথা বলে এগুলো মিথ্যা আর প্রতারণা ছাড়া আর কিছুই না। তাহলে কি আমরা মনে করবো জনাব তারেক রহমানের মুখের কথা এক আর মনের ভিতরের কথা আর এক। তিনি উপরে উপরে বলবেন সমালোচনা করুন আমরা স্বাধীনতা দিচ্ছি ভিতরে ভিতরে কেউ একটা কথা বললে সমালোচনা করলে আপনি আপনার জায়গা থেকে তাকে গ্রেপ্তার করাবেন ক্ষমতার অপব্যবহার করে তাকে জেল খাটাবেন, মিথ্যা মামলা দিবেন এটা তো হতে পারে না। সিফাত নামের ছেলেটা যে গালি দিয়েছে সেই গালিকে আমরা সমর্থন করি না কিন্তু তার বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে এটা তো মিথ্যা মামলা। সন্ত্রাসবিরোধী মামলা এক বছর আগের মামলা।

‎জাতীয় নাগরিক পার্টির পিরোজপুর জেলা আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ন আহ্বায়ক সরোয়ার তুষার, জেলা এনসিপির সদস্য সচিব মইনুল আহসান মুন্নাসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content