প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৭:৩৫:৪১ প্রিন্ট সংস্করণ
মোহাইমিনুল ইসলামঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, চিলমারী সেনা ক্যাম্পের কমান্ডার আলভী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সুধীজন।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সর্বজনীন উৎসব। তাই শান্তিপূর্ণভাবে এ উৎসব উদযাপনে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও আনসার সদস্যদের মোতায়েন করা হবে। প্রতিটি গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি বিদ্যুৎ, সাউন্ড সিস্টেম, যান চলাচল ও সার্বিক শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজর দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
সভায় জানানো হয়, এ বছর উলিপুর উপজেলায় মোট ১১২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও নয়ন কুমার সাহা বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।














