প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৩৩:১১ প্রিন্ট সংস্করণ
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করার জেরে ইতালির ভেনিসে প্রবাসী আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গতকাল সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে হামলাকারীদের কড়া ভাষায় সমালোচনা করে বাঁধনের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন। যারা আপনাকে আক্রমণ করেছে তাদেরকে আপনি ‘‘বাঙালি ভাই’’ হিসেবে সম্বোধন করেছেন। তারা যতটা না বাঙালি ভাই তার চেয়ে বেশি খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া এক একটা নরপশু।’
তিনি লেখেন, ‘খুনি হাসিনা যদি ওই চৌদ্দশ মানুষের মতো তাদের সন্তানদের ভাইদের খুন করতো তারপরও তারা খুনি হাসিনার দালালি করত, পা চাটতো। এদের শুধু মানুষের মতো একটা দেহ আছে, মনুষ্যত্ব পঁচে গিয়েছে। এদের থেকে আপনি এর চেয়ে বেশি কিছু আশা করবেন না।’
বাঁধনের পাশে থাকার বার্তা দিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক লিখেছেন, ‘এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না। নরপশুদের থেকে এর চেয়ে ভালো আর কি প্রত্যাশা করা যায়? আমরা সবাই আপনার সাথে আছি। পুরো বাংলাদেশ আপনার সাথে।’
প্রসঙ্গত, ইতালির মেস্ত্রে শহরে একটি পার্কে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হেনস্তার শিকার হন অভিনেত্রী বাঁধন। এ সময় তার শরীরে কোক ও ডিম নিক্ষেপ করা হয় এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ ও দেশদ্রোহী আখ্যা দিয়ে তার ওপর চড়াও হয়।





















