সারাদেশ

নওগাঁয় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৪ চালককে জরিমানা

  নওগাঁ প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০:৪৩:৪৫ প্রিন্ট সংস্করণ

নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে চারটি পরিবহনের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হাইড্রোলিক হর্নগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, অননুমোদিত মাত্রার শব্দ সৃষ্টি করায় চারটি গাড়ির চালকের বিরুদ্ধে চারটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে গাড়িগুলো থেকে হাইড্রোলিক হর্ন খুলে নিয়ে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানকালে চালক ও পথচারীদের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে নওগাঁ জেলা পুলিশের একটি দল।

পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, জনস্বার্থে ও পরিবেশ দূষণ রোধে প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content