বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০:২৬:৩৪ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাকারমাথা ফেস্কিপাড়া এলাকার একটি আমবাগান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা আমবাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৮ বছর। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তাঁর পরনে ছিল কালো রঙের প্যান্ট ও আকাশি রঙের ফতুয়া।
স্থানীয় বাসিন্দা মিনাজুল ইসলাম বলেন, পাকারমাথা রেলব্রিজের পাশে ফেস্কিপাড়া এলাকার একটি আমবাগানে এক যুবক লাশটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, মরদেহটির মুখমণ্ডল নষ্ট হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন হচ্ছে। সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও পরিচয় শনাক্তে কাজ করবে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





















