সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনে প্রচার শেষ, ভোটের অপেক্ষায় ৫ লাখ ভোটার

  হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ , ১:০৫:৪১ প্রিন্ট সংস্করণ

 

ঠাকুরগাঁও, ২৭ অক্টোবর: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচার। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় প্রচার শেষ হওয়ার পর এখন ভোটগ্রহণের অপেক্ষায় প্রার্থী ও ভোটাররা। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

ঠাকুরগাঁও সদর, ভূল্লী ও রুহিয়া এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। আসনটিতে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।

 

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি শেষ হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই সর্বোচ্চ অগ্রাধিকার।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, নির্বাচনে কোনো পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। ফলাফল যে পক্ষেরই হোক, সবাই তা মেনে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব বলেও তিনি মনে করেন।

এদিকে নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া জানান, ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

প্রচারণা শেষ হওয়ায় প্রার্থীদের এখন অপেক্ষা ভোটারদের রায়ের। অন্যদিকে সাধারণ ভোটারদের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন তাঁরা।

আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ শেষে জানা যাবে, ঠাকুরগাঁও-১ আসনের জনপ্রতিনিধি হচ্ছেন কে।

 

আরও খবর

Sponsered content