প্রতিনিধি ২৯ জুন ২০২৬ , ৬:০৮:০৯ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচের অপেক্ষায় রয়েছে কেপ ভার্দে। তবে আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব থার্টি টুর সেই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে চরম অস্বস্তিতে পড়েছে এই আফ্রিকান দলটি। দলের অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ব্রাজিলিয়ান দৈনিক ‘ও’গ্লোবো’র এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দোষী সাব্যস্ত হলে মেন্দেসের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
ঘটনাটি গত মার্চ মাসের। নিউজিল্যান্ডে সে সময় চিলি ও কেপ ভার্দেকে নিয়ে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। কেপ ভার্দে দলের ভাষাগত সুবিধার জন্য একজন ব্রাজিলিয়ান নারীকে দোভাষী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওই নারী মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, কেপ ভার্দে দল যে হোটেলে অবস্থান করছিল, সেখানে একটি কক্ষের অনুষ্ঠানে তাঁকে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।
কিন্তু সেখানে পৌঁছানোর পর ওই নারী বুঝতে পারেন যে, সেটি কোনো আনুষ্ঠানিক বৈঠক নয় বরং একটি পার্টি। একপর্যায়ে শরীর খারাপ লাগলে তিনি নিজের কক্ষে ফিরে যান। ভুক্তভোগীর অভিযোগ, এরপর মেন্দেস তাঁর কক্ষে এসে জোরপূর্বক প্রবেশ করেন এবং তাঁকে ধর্ষণ করেন। তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকেতে খেলা ৩৬ বছর বয়সী মেন্দেসের বিরুদ্ধে গত ১০ এপ্রিল অকল্যান্ডের আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর গত মাসে বিশ্বকাপ শুরুর আগেই নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে জানায়। ফিফার প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল জানিয়েছেন, সংস্থাটি পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। প্রতিবেদন অনুযায়ী, ঘটনার পরপর ভুক্তভোগী নারী প্রথমে কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে সহায়তা চেয়েছিলেন, কিন্তু সেখান থেকে কোনো সাড়া না পেয়ে তিনি স্থানীয় পুলিশের দ্বারস্থ হন। সেই অভিযোগেরই এখন তদন্ত চলছে।
নিউজিল্যান্ডের আইনে যৌন নিপীড়নের মতো অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর। অভিযোগ প্রমাণিত হলে মেন্দেসের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। একদিকে বিশ্বমঞ্চে আর্জেন্টিনার বিপক্ষে স্বপ্নের ম্যাচ খেলার রোমাঞ্চ, অন্যদিকে দলের অধিনায়কের এই অন্ধকার অধ্যায়—সব মিলিয়ে এক চরম টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে কেপ ভার্দে ফুটবল দল। যদিও এ বিষয়ে মেন্দেস, তাঁর আইনজীবী কিংবা কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।




















