আন্তর্জাতিক

নরওয়ের রাজা হ্যারাল্ডের শেষকৃত্যে যোগ দেবেন প্রিন্স উইলিয়াম

  প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩:১১:০০ প্রিন্ট সংস্করণ

নরওয়ের প্রয়াত রাজা হ্যারাল্ড পঞ্চমের শেষকৃত্যে যোগ দিতে বুধবার দেশটির রাজধানী অসলো সফর করবেন ব্রিটেনের প্রিন্স অব ওয়েলস উইলিয়াম। বাকিংহাম প্যালেসের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।

ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধিত্ব করবেন প্রিন্স উইলিয়াম। রাজপরিবারের সূত্র জানিয়েছে, প্রচলিত রীতি অনুযায়ী কোনো দেশের রাজা বা রাষ্ট্রপ্রধান সাধারণত অন্য কোনো রাষ্ট্রপ্রধানের শেষকৃত্যে নিজে উপস্থিত হন না। সেই কারণেই রাজা চার্লসের পরিবর্তে উইলিয়াম অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

ব্যক্তিগতভাবে শেষকৃত্যে উপস্থিত থাকবেন প্রিন্সেস অ্যানও। নরওয়ের নতুন রাজা অষ্টম হাকনের ধর্ম মা বা গডমাদার হিসেবে রাজপরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

দীর্ঘ ৩৫ বছর নরওয়ের সিংহাসনে থাকা রাজা হ্যারাল্ড গত আগস্টে ৮৯ বছর বয়সে মারা যান। আধুনিকায়নপন্থী ও সাধারণ মানুষের কাছে জনপ্রিয় এই রাজাকে নরওয়ের একজন ‘জনগণের রাজা’ হিসেবে দেখা হতো।

আগামী ৯ সেপ্টেম্বর রাজা হ্যারাল্ডকে শেষ বিদায় জানাতে অসলোতে বিপুলসংখ্যক মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। শেষকৃত্যের আগে রাজকীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরে অসলো ক্যাথেড্রালে তার স্মরণে ধর্মীয় অনুষ্ঠান হবে।

ইতোমধ্যে প্রয়াত রাজার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ লাইনে দাঁড়িয়েছেন। রাজপ্রাসাদের চ্যাপেলে রাখা হয়েছে তার মরদেহ, যেখানে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন।

শেষকৃত্যের অনুষ্ঠানে প্রিন্স উইলিয়ামের পাশাপাশি উপস্থিত থাকবেন প্রয়াত রাজার স্ত্রী রানি সোনিয়া, নতুন রাজা অষ্টম হাকনসহ নরওয়ের রাজপরিবারের সদস্যরা এবং ইউরোপের বিভিন্ন রাজপরিবারের প্রতিনিধিরা।

ধর্মীয় অনুষ্ঠান শেষে নরওয়ের রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে আকর্শুস দুর্গের রাজকীয় সমাধিক্ষেত্রে ব্যক্তিগতভাবে রাজা হ্যারাল্ডকে সমাহিত করা হবে।

প্রয়াত রাজাকে স্মরণ করে তার ছেলে ও নতুন রাজা অষ্টম হাকন সম্প্রতি এক আবেগঘন টেলিভিশন ভাষণ দেন। সেখানে তিনি বাবার উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এত ভালো বাবা হওয়ার জন্য ধন্যবাদ।’

রাজা হ্যারাল্ডকে সহজ-সরল ও সাধারণ মানুষের কাছাকাছি থাকা একজন রাজা হিসেবে বিবেচনা করা হতো। নরওয়ের রাজতন্ত্রকে আধুনিকায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রচলিত রীতির বাইরে গিয়ে একজন সাধারণ নাগরিককে বিয়ে করেও তিনি রাজপরিবারে পরিবর্তনের বার্তা দিয়েছিলেন। দীর্ঘ শাসনামলে তিনি দেশটির একজন ঐক্যবদ্ধকারী প্রতীক হিসেবেও ভূমিকা পালন করেন।

রাজা হাকন তার বাবাকে এমন একটি সমাজের মূল্যবোধের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন, যেখানে আইন ও ন্যায়বিচারের ভিত্তিতে সবাই সমান মর্যাদার অধিকারী।

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসও তার চাচাতো ভাই রাজা হ্যারাল্ডের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক বার্তায় তিনি হ্যারাল্ডের ‘অটল নিষ্ঠা’র প্রশংসা করে বলেন, তিনি উষ্ণতা ও বিনয়ের সঙ্গে বড় পরিবর্তনের সময় নরওয়েকে নেতৃত্ব দিয়েছেন।

তবে নতুন রাজা হাকন এমন এক সময়ে সিংহাসনে বসেছেন, যখন নরওয়ের রাজপরিবার নানা বিতর্কের মুখে রয়েছে। চলতি বছর তার স্ত্রী রানি মেটে-মারিতকে ঘিরে বিতর্ক তৈরি হয়। যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টেইনের সঙ্গে তিনি তিন বছর বন্ধুত্ব বজায় রেখেছিলেন এ তথ্য প্রকাশের পর তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।

এ ছাড়া তার আগের সম্পর্কের ছেলে মারিয়ুস বর্গ হোয়িবি জুন মাসে ধর্ষণসহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হন এবং তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

আরও খবর

Sponsered content