কক্সবাজার জেলা প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৬ , ৫:০২:০৭ প্রিন্ট সংস্করণ
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে কক্সবাজারের টেকনাফে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) টেকনাফ উপজেলা শাখা ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি হ্নীলা বাসস্টেশন প্রদক্ষিণ করে আবাসিক হোটেল সিকদার প্লাজা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিসচা টেকনাফ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল খালেদের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সংগঠনটির দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক ঈসা খান।
পথসভায় প্রধান অতিথি ছিলেন নয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ সজিব। বিশেষ অতিথি ছিলেন একই ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সল উদ্দিন খোকা, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আকবর, অর্থ সম্পাদক আতিকুল হাই, অফিস সম্পাদক মো. দিলদার আহমদ, যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউছুপ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক কবি আজিজুর রহমান এবং সদস্য মোকতার হোসাইন সোহেল ও মোহাম্মদ জুবায়ের। এ ছাড়া হ্নীলা-হোয়াইক্যং সিএনজি-মাহিন্দ্রা সমিতির সাধারণ সম্পাদক রফিকুল মেহেদীসহ টমটম ও সিএনজি সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সাধারণ মানুষ, চালক, বাসমালিক ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চালকদের উন্নত প্রশিক্ষণ ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। অদক্ষ ও মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই দুর্ঘটনা কমাতে সবাইকে সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, নিসচা টেকনাফ উপজেলা শাখা প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকায় সড়ক দুর্ঘটনা কমানো ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে কাজ করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।
নিসচার নেতারা জানান, সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে চালকদের বিনা মূল্যে প্রশিক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারাভিযান, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং চিহ্নিতকরণ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় সচেতনতামূলক বিলবোর্ড স্থাপনসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।
নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে পথসভার সমাপ্তি ঘোষণা করা হয়।





















