সারাদেশ

কলাপাড়ায় ইমরান পরিবহনের বাস উল্টে আহত ৩০, হাসপাতালে ১৮

  এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা ২২ অক্টোবর ২০২৬ , ৪:০২:৪০ প্রিন্ট সংস্করণ

 

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা এলাকায় ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে সড়কের বাইরে পড়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৮ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন—মো. কালাম (৪২), সজীব (২৬), রাবেয়া (২৩), নিজাম (৪০), বেল্লাল (২৯), আকাশ (২৬), নাজমুল (২১), ইসমাইল (২৮), সালমা বেগম (৩২), নাজমুল (২৩), তাসফী (৩৫), সাকুর (৩২), এনামুল (৩৩), সোবাহান (৪০), ইমরান (২৪), এনায়েত (৪০), কাওসার (২১) ও নাসিমা (২২)। তাঁরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, চালকের অদক্ষতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তাঁদের অভিযোগ, ওই সময় বাসটি হেলপার চালাচ্ছিলেন। বাসটির যাত্রীরা কুয়াকাটায় বিচ কার্নিভাল উপভোগ করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর বাসচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, আহত ব্যক্তিরা বিভিন্ন ধরনের আঘাত পেয়েছেন। তাঁদের সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content