নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ১১:২৬:৫৭ প্রিন্ট সংস্করণ
সিলেট রেঞ্জ পুলিশের জুলাই ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় সিলেট রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।
সভায় মামলা নিষ্পত্তি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।
এছাড়া মাদকদ্রব্য উদ্ধারে অবদানের জন্য হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানকে বিশেষ সম্মাননা এবং ওয়ারেন্ট তামিল, সমনজারি ও নন-এফআইআর দাখিলে সাফল্যের জন্য হবিগঞ্জ সদর মডেল থানার এএসআই (নি:) আব্দুস সামাদ আজাদকে শ্রেষ্ঠ এএসআই পুরস্কারে ভূষিত করা হয়।
ডিআইজি মুশফেকুর রহমান সভায় গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা করেন এবং উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি চিহ্নিত চাঁদাবাজ, গডফাদার ও সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি আগামীর দিনগুলোকে পুলিশের জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।














