সিলেট প্রতিনিধি: ২৬ আগস্ট ২০২৫ , ৩:৫০:২৪ প্রিন্ট সংস্করণ
সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এশিয়া কাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এ পরিস্থিতিতে মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে টিকিটের মূল্য তালিকা।
বিসিবি জানায়, সর্বনিম্ন ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২,০০০ টাকার টিকিট পাওয়া যাবে। বিভিন্ন শ্রেণির দর্শকের কথা মাথায় রেখে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ক্রিকেটপ্রেমীরা যাতে মাঠে বসেই খেলা উপভোগ করতে পারেন, সেটিই বিসিবির মূল উদ্দেশ্য।
তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। টিকিট কেনা যাবে বিসিবির অফিশিয়াল প্ল্যাটফর্মগুলো থেকে—এর মধ্যে রয়েছে ওয়েবসাইট gobcbticket.com.bd
এবং বিসিবি টিকিট অ্যাপ।
প্রকাশিত তালিকা অনুযায়ী, শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকায় বসে ১৫০ টাকায় খেলা দেখা যাবে। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।
ক্লাব হাউস (ব্লক এ১-ই১) থেকে খেলা দেখতে হলে খরচ করতে হবে ৫০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টরস এনক্লোজার থেকে খেলা উপভোগ করতে হলে গুনতে হবে সর্বোচ্চ ২,০০০ টাকা।














