সারাদেশ

অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী দাঁতভাঙ্গা কবির গ্রেপ্তার

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ১:৪২:০৯ প্রিন্ট সংস্করণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙ্গা কবিরকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। এদিন দিবাগত রাত একটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তারকৃত কবির পটুয়াখালী সদর উপজেলার টিটকাটা এলাকা মৃত মোজাফফরের ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জের আশ্বিনানগর এলাকায় বসবাস করছিলেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে বিজয়নগর এলাকার বক্স-কালভার্ট রোডে রিকশায় চলাকালে শরিফ ওসমান হাদির ওপর মোটরসাইকেলযোগে আসা দুই আততায়ী হামলা চালায়। এ সময় এক আততায়ী তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে গুরুতর আহত হন হাদি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে জড়িত হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান শুটার) এবং আলমগীর হোসেনকে (মোটরসাইকেল চালক) শনাক্ত করা হয়। ঘটনার পরপরই র‍্যাব অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে।

র‍্যাবের তথ্যমতে, গ্রেপ্তারকৃত কবির হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের অন্যতম সহযোগী।

বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার আগে গত ৪ ডিসেম্বর কবির একাধিকবার ফয়সাল করিমের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে প্রবেশ করেন। ঘটনার পর গ্রেপ্তার এড়াতে কবিরসহ অন্যান্য অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

গ্রেপ্তারকৃত কবিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content