প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৬ , ৮:০১:৩০ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংসদে কোরআন ও সুন্নাহবিরোধী আইন পাস করে সরকার চরম দুঃসাহস দেখিয়েছে। কোরআনের বিধানের বিরুদ্ধে হাত দেওয়ার পরিণতি শুভ হবে না; এর আগুনে সরকার নিজেই ছারখার হয়ে যেতে পারে।
আজ সোমবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অধিকার, গণভোট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও সার সংকটসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন চলছে। এর মধ্যেই ৬ সেপ্টেম্বর সংসদে বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে শরিয়াহ পরিপন্থী ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাস করা হয়েছে।
হেবা ও ওসিয়তসংক্রান্ত বিধান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত উল্লেখ করে তিনি বলেন, এতে পরিবর্তন এনে সরকার কোটি কোটি মুসলমানের ঈমানি অনুভূতিতে আঘাত করেছে।
আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে জামায়াত সেক্রেটারি বলেন, ইসলাম কোনো নির্দিষ্ট যুগের জীবনবিধান নয়; এটি কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য ভারসাম্যপূর্ণ পথনির্দেশক।
বিরোধী দলের মতামত উপেক্ষার অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, সরকার তড়িঘড়ি করে ‘কালো আইন’ পাস করেছে। একই সঙ্গে গুম ও মানবাধিকার কমিশনসংক্রান্ত প্রস্তাবিত আইনেরও সমালোচনা করেন তিনি।
আইনটি অবিলম্বে প্রত্যাহার করে ওলামায়ে কেরামের মতামত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জনদাবি উপেক্ষার পরিণতিতে রাজপথের আন্দোলনের মুখে সরকারকে পদত্যাগে বাধ্য হতে হবে।





















