রাজনীতি

শেরপুরে ১২ কোটি টাকায় নির্মিত কিচেন মার্কেট উদ্বোধন

  মাসুম বিল্লাহ, শেরপুর প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ১:০২:১৫ প্রিন্ট সংস্করণ

বগুড়ার শেরপুর পৌরসভার বহুল প্রতীক্ষিত কিচেন মার্কেট উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)। জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খানের সভাপতিত্বে আলোচনা সভায় ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বিশ্বব্যাংকের সহযোগিতায় এমজিএসপি প্রকল্পের আওতায় ২০১৮ সালে শেরপুর পৌর শহরের বিকেলে বাজার এলাকায় এই নান্দনিক কিচেন মার্কেট নির্মাণ শুরু হয়। ২০২১ সালে নির্মাণকাজ শেষ হলেও দোকান বরাদ্দের জটিলতায় দীর্ঘ চার বছর পর মার্কেট চালু হলো।

অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, বহু পুরনো খোলা আকাশের নিচের ব্যবসায়ীরা বরাদ্দ থেকে বঞ্চিত হয়ে আত্মীয়-স্বজনরা দোকান পেয়েছেন। এছাড়া শাকসবজি, মাছ, মাংস ও মসলা ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় কাঁচা বাজার এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। তবে দীর্ঘ প্রতীক্ষার পর মার্কেট চালু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং অবশিষ্ট বরাদ্দ দ্রুত সম্পন্নের দাবি জানান।

জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, “প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কিচেন মার্কেট শেরপুরবাসীর জন্য বড় একটি অর্জন। সরকার এই অঞ্চলে করতোয়া নদী খনন, নতুন রেলস্টেশন, পৌরসভার সড়ক উন্নয়ন, স্টেডিয়াম ও ফ্লাইওভার নির্মাণসহ নানা উন্নয়ন উদ্যোগ নিয়েছে।”

সভাপতির বক্তব্যে ইউএনও আশিক খান জানান, মোট ২৪৯টি দোকানের মধ্যে ইতোমধ্যে ৫০টি বরাদ্দ দেওয়া হয়েছে। আরও প্রায় ৬০টি দোকান বরাদ্দের অপেক্ষায় রয়েছে, যা চলতি মাসের মধ্যেই সম্পন্ন করা হবে।

আরও খবর

Sponsered content