প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ৫:১০:০৮ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশে ফেরার একদিন পর শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বাবার সমাধিস্থলে পৌঁছান। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দোয়া পাঠ করেন ও মোনাজাতে অংশ নেন।
তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা ও ভারপ্রাপ্ত চেয়ারপারসনের একান্ত সচিবআব্দুর রহমান সানি।
এর আগে, বেলা তিনটার দিকে তারেক রহমান গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হন। লাল সবুজ রঙে সাজানো বাসটিতেই চড়েই তিনি বাবার কবর জিয়ারত করতে আসেন।
কবর জিয়ারতের পর তিনি লাল-সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা হয়েছেন। ইতোমধ্যে স্মৃতিসৌধে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকরা ভিড় করছেন।
উল্লেখ্য, শেষবার ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তারেক রহমান। তখন তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এরপর তাকে সেনাসমর্থিত ফখরুদ্দীন সরকারের রোষানলে পড়ে প্রথমে কারাবরণ ও পরে দেশ ছাড়তে হয়। ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।














