প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৫ , ৪:৫৪:৪৪ প্রিন্ট সংস্করণ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আপনারা এমন সময় বাংলাদেশে এসেছেন, যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।”
বুধবার (১২ নভেম্বর) তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান।
সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার করা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলার সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। ড. ইউনূস রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। তারা জানে না তাদের নাগরিকত্ব কী, ভবিষ্যৎ কী। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।”
সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা সংকট সমাধানের জন্য কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ড. ইউনূসকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।




















