প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ১:৩৩:৫৪ প্রিন্ট সংস্করণ
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান জনসংযোগ কর্মকর্তা (তথ্য অফিসার) ফয়সল হাসান স্বাক্ষরিত বার্তায় বলা হয়, একটি নিরাপদ ও সুস্থ শিক্ষাপরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মাদক ও জুয়া-সংক্রান্ত কার্যকলাপ থেকে রক্ষা করার সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কবে নাগাদ এই কমিটি গঠিত হবে এবং কমিটিতে কাদের রাখা হবে, সে বিষয়ে বার্তায় কিছু জানায়নি মন্ত্রণালয়।
সম্প্রতি মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এসব নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ করা হয়।















