জাতীয়

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ১:৩৫:১৪ প্রিন্ট সংস্করণ

শ্রীলঙ্কা উপকূল ও সংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বর্তমানে উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রায় একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর খুবই উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—কে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি (ক্রমিক নম্বর–০৮) এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১,৮৮০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১,৮৩০ কিলোমিটার, মোংলা থেকে ১,৭৫০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ১,৭৫৫ কিলোমিটার দূরে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পরবর্তী কয়েক ঘণ্টায় আরও উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী সমুদ্র এলাকায় ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং সাগর অতি উত্তাল অবস্থায় রয়েছে।

তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না গিয়ে উপকূলের নিরাপদ স্থানে থাকতে নির্দেশনা জারি করা হয়েছে।

আরও খবর

Sponsered content