মোবারক হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি: ১২ জুলাই ২০২৬ , ১১:৩৯:১৭ প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের নিকলীর হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শফিকুল ইসলাম তুলু (২৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
জানা যায়, শুক্রবার (১০ জুলাই) সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০ থেকে ২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। বিকেলে দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেলে শফিকুল ইসলামসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে শফিকুল ইসলাম পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা ব্যক্তিরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিনের অভিযান স্থগিত করা হয়। পরদিন শনিবার (১১ জুলাই) সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
রোববার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘোড়াউত্রা নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে। স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে নিকলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শফিকুল ইসলাম তুলু নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





















