জাতীয়

৩ মাসের মধ্যে ঢাকায় আবারও চালু হচ্ছে ওয়াটার বাস

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৬ , ৭:৩২:০০ প্রিন্ট সংস্করণ

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘আগামী তিন মাসের মধ্যে ঢাকার ১১০ কিলোমিটার বৃত্তাকার নৌপথে ওয়াটার বাস সার্ভিস চালু হবে।’

আজ সোমবার বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এ ধরনের সেবা এক দশক আগে চালু করা হয়েছিল। কিন্তু গত ১০ বছরে এতে ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। অর্থাৎ, বছরে গড়ে ৫ কোটি ৭০ লাখ টাকা লোকসান।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এখন সমস্যাগুলো চিহ্নিত করে রাজধানীর নৌপথে আবারও ওয়াটার বাস চালুর জন্য নতুন উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ‘ঢাকাকে ঘিরে থাকা নদীগুলোর তীরে ৪২৪টি দূষণস্থল চিহ্নিত করা হয়েছে, যেখানে উদ্বেগজনক হারে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য ফেলা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঢাকার চারপাশের পাঁচটি নদীকে দূষণমুক্ত করতে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।’

তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু নদীসহ বিস্তৃত নৌপথের নেটওয়ার্ক রয়েছে ঢাকাকে ঘিরে। এসব পথে যাত্রীবাহী নৌযান চালু করা হলে রাজধানীর সড়কের ওপর চাপ কমবে এবং যানজট নিরসনে সহায়ক হবে বলে মনে করেন সংশিষ্ট কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content