জাতীয়

এক মাস পর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন শুরু

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১২:৩৫:৪৬ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ এক মাসের রক্ষণাবেক্ষণের কাজ শেষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

তিনি জানান, শুক্রবার বিকেলে রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর প্রথম ইউনিটে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। এর আগে নির্ধারিত বার্ষিক রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে গত ১ জানুয়ারি থেকে কেন্দ্রটির প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছিল।

বর্তমানে তাপ বিদ্যুৎ কেন্দ্রটির দুইটি ইউনিট থেকেই পূর্ণ ক্ষমতায় মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র দেশের অন্যতম বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। এ কেন্দ্রের উৎপাদন স্বাভাবিক হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content