যশোর প্রতিনিধি: ১৮ নভেম্বর ২০২৬ , ৮:০৭:২৬ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। তবে ব্যাংক কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংক কর্মচারীরা জানান, রাতে দায়িত্ব পালনরত অবস্থায় সিসিটিভি ফুটেজে তারা দেখতে পান, দুই যুবক ব্যাংকের প্রধান ফটকের ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে। বিষয়টি টের পেয়ে ভেতর থেকে কর্মীরা তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা নারিকেলবাড়িয়া গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে ব্যাংক কর্মীদের সচেতনতা এবং পুলিশের দ্রুত পদক্ষেপে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















