সারাদেশ

রংপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালের বাসে আগুন

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১৮ নভেম্বর ২০২৬ , ৫:৫৭:১২ প্রিন্ট সংস্করণ

Oplus_131072

রংপুরে কোচিং সেন্টারের বাসে অগ্নিসংযোগের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে টার্মিনাল সংলগ্ন মাছ আড়তের সামনে এ ঘটনা ঘটে।
বাসটিতে ঝালাইয়ের কাজ করার পর আগুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করলেও মালিক বলছেন পরিকল্পিত।
বাসের মালিক হৃদয় আহমেদ বলেন, নীলফামারীর জলঢাকা রুটে চলাচলের জন্য দুদিন আগে বাসটি কিনেছি।
হৃদয়-তাহসিন নামে বাসটি চলাচলের জন্য তৈরি করতে কিছু ঝালাইয়ের কাজ করার জন্য মাছ আড়তের সামনের ওয়ার্কসপে রাখা হয়েছিল। সকাল সাড়ে ১০টার দিকে ঝালাইয়ের কাজ শেষ হয়। এরপর সেখানে রাখা অবস্থায় দুপুর ২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুরো বাসটি পুড়ে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট সুলতানুল আরেফিন ওয়ার্কসপের কর্মচারীদের বরাত দিয়ে বলেন, বাসটিতে ঝালাইয়ের কাজ করার সময় অসাবধানতাবশত আগুন লাগার ঘটনা ঘটেছে বলে শ্রমিকরা জানিয়েছেন। প্রাথমিকভাবে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কিছুটা দূরে পর্যটন মোড় এলাকায় একটি কোচিং সেন্টারের বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
পরপর একই দিনে রংপুরে দুটি বাসে আগুনের ঘটনায় পরিবহন মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content