মেহেদী হাসান, আমতলী প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৫ , ৩:৩২:৩৩ প্রিন্ট সংস্করণ
বরগুনার আমতলী উপজেলায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালনার অভিযোগে আমতলী ডায়াবেটিক ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
অভিযানের খবর পেয়ে তালুকদার ডেন্টাল সেন্টার তালাবদ্ধ করে পালিয়ে যায়। এ সময় হিউম্যান কেয়ার ক্লিনিকও পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবারের এ অভিযানে নেতৃত্ব দেন আমতলী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান। তিনি বলেন, “স্বাস্থ্য খাতে অনিয়ম ও অবৈধ কার্যক্রম রোধে এ অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সঠিক ও নিরাপদ সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
অভিযানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় কুমার হালদার ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সাবেরা পারভিন।
এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত বৈধ লাইসেন্স সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।














