সোহরাব হোসেন, ঢাকা : ২৬ আগস্ট ২০২৫ , ৩:২২:২৫ প্রিন্ট সংস্করণ
রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকার চিহ্নিত মাদক কারবারি শরীফ ওরফে ‘পাগলা শরীফ’ দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ফের ইয়াবা ব্যবসা শুরু করেছেন। এর ফলে শাকেরিয়া মাদ্রাসা গলিসহ মহাখালীর বিভিন্ন স্থানে মাদকাসক্তদের আনাগোনা বেড়েছে। প্রতিদিন শরীফের নিজ বাড়িতেই বসছে মাদকের আসর—এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একসময় শরীফের মূল পেশা ছিল চাঁদাবাজি। অবৈধ অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করতেন তিনি। চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গেও জড়িত ছিলেন। গুলশান থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর চাপে বারবার গ্রেফতার হয়ে জেল খাটার পর সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে দেন। তবে ২০১৮ সালে তিনি পুরোদমে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন।
সূত্র জানায়, শরীফ মহাখালীর রাজউক অফিস সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে প্রথম মাদক স্পট গড়ে তোলেন। পরে ছাত্রদের প্রতিবাদে তা বন্ধ হয়ে গেলে নিজ বাড়িকে মাদক বিক্রির আড্ডাখানায় পরিণত করেন। অল্প সময়ের মধ্যেই মহাখালীর ইয়াবা ব্যবসায় একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন শরীফ। টেকনাফ থেকে সরাসরি ইয়াবা সংগ্রহ করতেন তিনি। পাইকারি দামে বিক্রির কারণে এলাকার কিশোর-যুবক, এমনকি নাবালকরাও সহজেই ইয়াবার নাগাল পেত। ফলে মহাখালীতে মাদকাসক্তের সংখ্যা ভয়াবহ হারে বেড়ে যায়।
এলাকাবাসীর অভিযোগের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বনানী থানা পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে শরীফকে গ্রেফতার করে। এতে তার মাদক সাম্রাজ্য ভেঙে পড়ে। তবে জামিনে বেরিয়ে কিছুদিনের মধ্যেই আবার ব্যবসা শুরু করতেন তিনি। কয়েকবার গ্রেফতারের পর অবশেষে এলাকা ছেড়ে পালান।
সম্প্রতি শরীফ আবার এলাকায় ফিরে এসে কৌশলে ইয়াবা ব্যবসা শুরু করেছেন। তার বাড়ির আশপাশে প্রতিদিন মাদকাসক্তদের ভিড় জমছে। অভিভাবকরা সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। সরেজমিনে দেখা গেছে, শরীফ নিজে ইয়াবা বিক্রি করছেন এবং তার বাসায় মাদকাসক্তদের যাতায়াত অব্যাহত রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, পুলিশের কিছু সোর্সকেও তার বাড়িতে যাতায়াত করতে দেখা যায়।
এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন, “শরীফ ভালো হলো না। আবার মাদক ব্যবসা শুরু করেছে। প্রতিদিন মাদকসেবীরা এলাকায় ঘোরাফেরা করছে।”
এক প্রতিবেশী জানান, “মাদকসেবীরা শরীফের সঙ্গে ফোনে যোগাযোগ করে। এরপর তার বাড়ির নিচে এলে শরীফের লোকজন চারপাশ দেখে পরিস্থিতি স্বাভাবিক মনে করলে গেট খুলে ভেতরে নেয়।”
স্থানীয়রা দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।














