প্রতিনিধি ৯ জুলাই ২০২৬ , ৩:০০:৩৩ প্রিন্ট সংস্করণ
সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু হিসেবে উল্লেখ করা হয়। এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনোভাবেই প্রধানমন্ত্রীর বন্ধু না।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার পরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা বলেন।
নিজেকে বিএনপির সাধারণ কর্মী বলে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, ‘কোনো কারণেই কোনোভাবেই আমাদের শ্রদ্ধেয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী।’
তিনি বলেন, ‘কর্মী হিসেবে বিভিন্ন সময় আমার জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, বগুড়া জেলার দায়িত্ব পালন করবার কারণে যেহেতু বগুড়া বাড়ি আমাদের নেতা তারেক রহমানের, তার সঙ্গে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদেরকে স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন।’
বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে তার আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, জানেন। এইটুকুই তার সঙ্গে আমার সম্পর্ক।’
তিনি আরও বলেন, ‘তার সঙ্গে আমার বয়সের অনেক তারতম্য রয়েছে। সব মিলিয়ে এই যে মানুষের সামনে যদি এটা উপস্থাপন করেন যে তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম এটা করেছে, ওটা করেছেন। এই জিনিসটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘কিছু কিছু নিউজ আসে যে তারেক রহমানের বন্ধু মীর শাহ আলম দুর্নীতি করে। তারেক রহমানের বন্ধু মীর শাহ আলমের সম্পদ আট গুণ বাড়ল। এই যে কথাগুলো। শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছে, পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে। যখন উনি বগুড়া যাওয়া-আসা শুরু করেন।’
‘আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সঙ্গে অনুরোধ করি যে এই বিষয়টি কখনোই কেউ নজরে নিয়ে আসবেন না যে, প্রধানমন্ত্রী আমার বন্ধু। আমি কোনোভাবেই উনার বন্ধু না’, যোগ করেন মীর শাহে আলম।





















