প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৫:৫৮ প্রিন্ট সংস্করণ
গল্পটি বেশ জটিল। একদিকে পারিবারিক টানাপড়েন, অন্যদিকে প্রেমিকার জীবন-মরণের সন্ধিক্ষণ। এমন ক্লাইমেক্স পূর্ণ নাটক আজকাল খুব একটা হয় না। কিন্তু আসছে ঈদে জটিল এক গল্প নিয়ে হাজির হতে যাচ্ছেন জোভান-তটিনী জুটি। তাদের নিয়ে ‘কসম’ নামের এই বিশেষ নাটকটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্যও তারই। সিনেমাটোগ্রাফিতে আছেন নাঈম ফুয়াদ।
সিএমভি’র ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকে দেখা যাবে, প্রেমিকা তটিনীর প্রাণ বাঁচাতে এমন এক কসম কাটেন প্রেমিক জোভান, তাতে করে জন্ম নেয় বিস্ময়কর এক ঘটনা।
নির্মাতা জাহিদুল ইসলাম সুজনের বয়ানে, ‘গল্পটির মধ্যে অনেকগুলো বাঁক তৈরির চেষ্টা করেছি। যেখানে প্রেম ও পরিবারের জটিল সমীকরণ উঠে আসবে দর্শকদের সামনে।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে ২০টি বিশেষ নাটকের পরিকল্পনা সাজিয়েছেন তারা। যাতে স্থান পাচ্ছে প্রেম ও পারিবারিক গল্পের প্রভাব। তার মধ্যে ‘কসম’ তাদের অন্যতম প্রযোজনা।
‘কসম’ মুক্তি পাচ্ছে আসছে ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।





