ফ্যাশন

নওগাঁর মান্দায় অটোরিকশা চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

  মাহবুবুজ্জামান সেতু,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ ২৬ আগস্ট ২০২৫ , ৮:১১:৫৫ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের কারণে টানা দুই দিন ধরে প্রসাদপুর-জোতবাজার সড়কে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুসুম্বা ইউনিয়ন ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যান সমিতি ও জোতবাজার সমিতির সদস্যরা সিরিয়াল পদ্ধতিতে যাত্রী পরিবহন করছিলেন। গত রোববার (২৪ আগস্ট) বিকেলে জোতবাজার সমিতির সদস্য উজ্জল কুমার চৌধুরী সিরিয়াল ভেঙে যাত্রী তুললে বিরোধের সূত্রপাত হয়।

এরপর সোমবার সকালে কুসুম্বা সমিতির চালক মনসুর রহমান মনো যাত্রী নিয়ে জোতবাজার স্ট্যান্ডে গেলে তাকে আটক করে মারধর করা হয়। এ সময় কুসুম্বা সমিতির চারটি গাড়িও আটক করে জোতবাজারের সদস্যরা। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়।

এতে জোতবাজার, ফতেপুর, চকশৈল্যা, দামনাসসহ পূর্বমান্দার যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৬ আগস্ট) প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে কুসুম্বা সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সমিতির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ও সদস্য মনসুর রহমান বক্তব্য রাখেন।

কুসুম্বা সমিতির সভাপতি ইদ্রিস আলী অভিযোগ করে বলেন, “জোতবাজার সমিতির সদস্যরা আমাদের পাঁচটি গাড়ি আটক করেছে এবং চালকদের মারধর করেছে। দ্রুত সমাধান না হলে কঠোর আন্দোলনে নামতে হবে।”

অন্যদিকে, জোতবাজার সমিতির সভাপতি আব্দুর রশিদ বুলেট বলেন, “যাত্রী ওঠানো নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সমস্যা হয়েছে। বর্তমানে আমাদের কাছে কুসুম্বা সমিতির তিনটি গাড়ি আছে। আলোচনার মাধ্যমে সমাধান হলে গাড়িগুলো ফেরত দেওয়া হবে।”

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content