শাহনেওয়াজ শাহ্, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ২৭ আগস্ট ২০২৫ , ১১:৩১:৪২ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় এখনো কোনো সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়নি। ফলে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের দূরপাল্লার যাতায়াতসহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা যায়, বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। অথচ জেলার অন্যান্য সব উপজেলাতেই সরকারি কলেজ রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও শিক্ষার্থীরা এখানে একটি সরকারি কলেজ স্থাপনের দাবি জানিয়ে আসছেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি কলেজ না থাকায় শিক্ষার্থীদের সদর উপজেলা বা আশপাশের জেলায় যেতে হয়। এতে সময়, অর্থ ও পড়াশোনার ক্ষতি হচ্ছে। বিশেষ করে ছাত্রীদের জন্য দূরে গিয়ে পড়াশোনা করা নিরাপত্তাজনিত কারণে কষ্টকর হয়ে উঠেছে।
আউলিয়া বাজার এলাকার অভিভাবক আবদুল হাকিম বলেন, “আমার মেয়ে ব্রাহ্মণবাড়িয়া কলেজে পড়ে। উপজেলায় সরকারি কলেজ না থাকায় প্রতিদিন জেলা শহরে যেতে হয়। এতে যাতায়াত খরচ, সময় ও নিরাপত্তার চিন্তা সবকিছু মিলিয়ে দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে।”
স্থানীয় সচেতন নাগরিক মুনসুর আকিক বলেন, “সরকার শিক্ষার প্রসারে নানা পদক্ষেপ নিলেও বিজয়নগরের শিক্ষার্থীরা সরকারি কলেজের সুবিধা থেকে বঞ্চিত। দ্রুত এখানে একটি সরকারি কলেজ স্থাপন সময়ের দাবি।”
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সরকারি কলেজ না থাকায় তারা উচ্চশিক্ষায় পিছিয়ে পড়ছে। তাদের দাবি—অতিসত্বর বিজয়নগরে একটি সরকারি কলেজ প্রতিষ্ঠা করা হোক।
অতীতে এ দাবিতে বহুবার মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ হলেও কোনো সমাধান আসেনি। এতে স্থানীয়দের হতাশা বাড়ছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, সরকারি কলেজ না থাকায় এ উপজেলার শিক্ষার মান অন্যান্য উপজেলার তুলনায় পিছিয়ে পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মো: জুলফিকার হোসেন এনটিভি অনলাইনকে বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার সব উপজেলায় সরকারি কলেজ থাকলেও বিজয়নগরে কেন নেই তা আমি নিজেও জানি না। নিয়ম অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি সরকারি কলেজ থাকার কথা। হয়তো রাজনৈতিক কোনো কারণে হয়নি। বর্তমানে কোনো কলেজ সরকারি করার সরকারের চাহিদা নেই, তবে নির্বাচিত সরকার এলে প্রস্তাবনা আসতে পারে।”















