ফ্যাশন

‘ফকিন্নির বাচ্চা’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ১১:৫৪:৫৯ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের সাবেক সদস্য রুমিন ফারহানা।

সম্প্রতি ফেসবুকে দেওয়া তার একটি পোস্টকে ঘিরে সমালোচনা ছড়িয়ে পড়লে মঙ্গলবার (২৬ আগস্ট) এক টেলিভিশনের টকশোতে তিনি বিষয়টি স্পষ্ট করেন।

টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, তার ‘ফকিন্নির বাচ্চা’ মন্তব্য সরাসরি কোনো ব্যক্তির আর্থিক অবস্থার প্রতি ইঙ্গিত নয়, বরং একটি মানসিকতা বা চিন্তাধারাকে বোঝাতে ব্যবহার করেছেন।

তার ভাষায়, “ফকিন্নির বাচ্চা ব্যাপারটা একটা মাইন্ডসেট। এর মানে এই নয় যে কেউ গরিব। মানে হলো, চিন্তাধারায় একধরনের নীচু মানসিকতা কাজ করে।”

তিনি অভিযোগ করেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর ও হাসনাত আবদুল্লাহর মতো নেতারা যে ভাষায় রাজনীতি করছেন, সেটি খুবই নিম্নমানের।

রুমিন ফারহানা বলেন, “তাদের কথাবার্তা স্লাম এলাকায় ব্যবহৃত ভাষার মতো। কেউ এদের ফকিন্নি বলে, কেউ বস্তির ভাষা বলে, কেউ কাচড়া বলে—সেটা তাদের আচরণ থেকেই বোঝা যায়।”

তিনি আরও দাবি করেন, এনসিপির নেতাদের স্লোগান, প্রতিপক্ষকে আক্রমণ বা ফ্রেম করার ভাষা সবই “বস্তির ভাষার” সঙ্গে মিলে যায়।

এর আগে, রবিবার (২৪ আগস্ট) এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক বক্তব্যে রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’ বলে আখ্যা দেন।

এর জবাবে সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কড়া প্রতিক্রিয়া দেন রুমিন ফারহানা। পোস্টে তিনি লেখেন, “এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?”

পোস্টে তিনি হাসনাত আবদুল্লাহর ছাত্রলীগ-সংশ্লিষ্টতা তুলে ধরে কিছু ছবি ও স্ক্রিনশটও শেয়ার করেন।

নিজের মন্তব্য নিয়ে সমালোচনার জবাবে রুমিন ফারহানা স্পষ্ট করেছেন, তার বক্তব্য ছিল প্রতিপক্ষের রাজনৈতিক আচরণ ও মানসিকতা নিয়ে, কোনো ব্যক্তির আর্থিক অবস্থাকে ছোট করার উদ্দেশ্যে নয়।

আরও খবর

Sponsered content