মুজাহিদ হোসেন, নওগাঁ ৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৫০:৪৮ প্রিন্ট সংস্করণ
অপরাধ নিয়ন্ত্রণ, ডিজিটাল নজরদারি জোরদার এবং সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে নওগাঁয় উদ্বোধন করা হয়েছে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’। শনিবার বিকেল ৫টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সুধী সমাবেশের মধ্য দিয়ে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের ধরন ও পরিধিও বাড়ছে। ফলে প্রচলিত আইনশৃঙ্খলা ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিনির্ভর পুলিশিং আরও জোরদার করা প্রয়োজন। এআই প্রযুক্তির সমন্বয়ে পরিচালিত এই ল্যাবের মাধ্যমে অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল তথ্য বিশ্লেষণ, নজরদারি এবং সাইবার অপরাধের তদন্তে পুলিশের সক্ষমতা আরও বাড়বে।
তারা আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপরাধের তথ্য দ্রুত বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহজ হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত অপরাধের রহস্য উদঘাটনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ল্যাব।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মোক্তাদির রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আবু বকর সিদ্দিক।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুলিশের সংশ্লিষ্টরা আশা করছেন, এআইভিত্তিক ডিজিটাল সারভিলেন্স ও সাইবার ল্যাব চালুর ফলে নওগাঁয় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও গতিশীল হবে।





















