খেলাধুলা

ঝিকরগাছায় পারিবারিক বিরোধে বৃদ্ধ নিহত, আহত ৪

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ২৯ অক্টোবর ২০২৫ , ৫:৫১:৪৬ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নীলকণ্ঠনগর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিনের নাতনীর সঙ্গে যশোরের পাগলাদাহ গ্রামের মোনতাজের ছেলে তবিবরের প্রায় তিন বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে তবিবরসহ ৫–৬ জন ব্যক্তি মহিউদ্দিনের বাড়িতে এসে নাতনীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে।

এ সময় মহিউদ্দিনসহ পরিবারের লোকজন বাধা দিলে তবিবর ও তার সহযোগীরা তাদের উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে মহিউদ্দিন (৭০), তার স্ত্রী তাজুমা বেগম (৬০) এবং আত্মীয় আমিনুর রহমান (৩০) গুরুতর আহত হন।

পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের আটক করে গণপিটুনি দেয়। এতে যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা গ্রামের মোক্তার আলীর ছেলে আহম্মদ আলী (২৬) ও পালবাড়ির শাহাজাহানের ছেলে মোহন (৩০) আহত হন।

আহতদের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহম্মদ আলী ও মোহনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত মহিউদ্দিন, তাজুমা বেগম ও আমিনুর রহমানকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিলে ঢাকায় নেওয়ার পথে নড়াইল জেলায় পৌঁছালে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী জানান, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আরও খবর

Sponsered content