এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) ৬ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৪৪:২৬ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ তিন বছর পর পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা যোগদান করেছেন। রোববার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছে তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
কলাপাড়া চৌকি আদালতের নবনিযুক্ত আইন কর্মকর্তারা হলেন—কলাপাড়া যুগ্ম ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও উপজেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু; সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন; মহিপুর থানা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ; সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন; উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন।
আনুষ্ঠানিকভাবে যোগদানের পর রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান দুলালসহ অন্যরা।
পরে আইন কর্মকর্তারা গণমাধ্যমের কাছে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে চৌকি আদালতে বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।















