প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৬ , ২:২১:০৮ প্রিন্ট সংস্করণ
রংপুরের তারাগঞ্জে এক রাতেই চারটি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া একটি মিটার বোর্ডর গায়ে মোবাইল নম্বর লিখে রেখে সেটি ফেরত নিতে ৫ হাজার টাকা দাবি করা হয়েছে।
গত শনিবার দিবাগত রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর মেডিকেল মোড় ও খোদ্দ রেলাইচণ্ডি ইমামগঞ্জ বাজার এলাকায় এসব চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভীমপুর মেডিকেল মোড় এলাকার সাদিকুলের ধান ভাঙার মিলের, ইমামগঞ্জ বাজারে মাহে আলমের অটোরিকশার ব্যাটারি চার্জিং স্টেশনের মিটার ও একই এলাকার তারিকুল ও মইনুলের আরও দুটি মিটার চুরি হয়।
ভুক্তভোগী মাহে আলম বলেন, ‘একই রাতে চারটি মিটার চুরি হয়েছে। পরে আমার চুরি হওয়া মিটার বোর্ডে একটি মোবাইল নম্বর লিখে রাখা হয় এবং মিটার ফেরত পেতে ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়। পরে ওই নম্বরে ফোন করলে মিটার ফেরত নেওয়ার জন্য ৫ হাজার টাকা দাবি করা হয়।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘বৈদ্যুতিক মিটার চুরির বিষয়টি জানতে পেয়েছি। চুরি যাওয়া মিটারগুলো উদ্ধারে আমাদের চেষ্টা চলছে।’















