হুমায়ুন কবির | রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ১২:৪০:৫৯ প্রিন্ট সংস্করণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশব্যাপী পুলিশের চলমান ‘ডেভিল হান্ট–২’ অভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র আলমগীর সরকার (৫০) কে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস দল পৌর শহরের ভান্ডারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে পরোয়ানাভুক্ত আসামি সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আলমগীর সরকারকে আটক করা হয়।
আটক আলমগীর সরকার রাণীশংকৈল পৌরসভার ভান্ডারা এলাকার মৃত আমানুল্লাহ মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ছাত্রলীগ, যুবলীগ এবং সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আলমগীর সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রাতেই তাকে ঠাকুরগাঁও জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




















