প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ , ১০:৪৮:৪০ প্রিন্ট সংস্করণ
ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে। আন্দোলন ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকা সালমান খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন ও সহমর্মিতা জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।
সালমান খান বলেন, আন্দোলনটি শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পরে তা সহিংস রূপ নেওয়ায় তিনি গভীরভাবে ব্যথিত। আহত শিক্ষার্থী এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি বড় সমস্যা।
শিক্ষার্থীরা উন্নত ও স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে যেভাবে একজোট হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেন এই অভিনেতা। তাদের অভিভাবকদের সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি।
সালমানের মতে, নিজেদের ভবিষ্যৎ এবং একটি শিক্ষিত ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরার জন্য তাদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন তিনি।
তবে আন্দোলনের মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে সতর্ক করে সালমান বলেন, এটি মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত একটি বিষয়। তাই এর কৃতিত্ব শিক্ষার্থীদের কাছেই থাকা উচিত; রাজনৈতিক স্বার্থে আন্দোলনকে ব্যবহার করা উচিত নয়।তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং একটি কার্যকর ও উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে সমস্যাটির একটি ইতিবাচক সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।















