প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২:৪৪:৫৩ প্রিন্ট সংস্করণ
মাতৃত্বের নতুন অধ্যায় শুরু করেছেন মার্কিন পপ তারকা লেডি গাগা। বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানের জন্ম হয়েছে বলে জানিয়েছে পিপল ম্যাগাজিন।
সূত্রের বরাতে পিপল জানিয়েছে, গাগা ও পোলানস্কি সম্প্রতি তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। তবে সন্তানের জন্মের নির্দিষ্ট তারিখ, নাম বা অন্য কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পর ক্যালিফোর্নিয়ায় গাগা ও পোলানস্কিকে তাদের সন্তানকে নিয়ে বাইরে দেখা গেছে।
মা হওয়ার ইচ্ছার কথা এর আগেও একাধিকবার জানিয়েছেন গাগা। ২০২৫ সালের জানুয়ারিতে এলে ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পোলানস্কির সঙ্গে ভবিষ্যতে পরিবার গড়ার স্বপ্নের কথা বলেছিলেন তিনি।
পরিবারকে নিজের জীবনের ‘শিকড়’ হিসেবে উল্লেখ করে গাগা বলেছিলেন, পরিবারই একজন মানুষকে গড়ে তোলে এবং পরিবর্তনের প্রয়োজনীয়তাও তৈরি করে। একই সাক্ষাৎকারে ভবিষ্যৎ সন্তানদের নিজেদের মতো করে বেড়ে ওঠার সুযোগ দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।
গাগা বলেছিলেন, একজন শিল্পী হিসেবে তাকে নিয়ে তার সন্তানেরা কী ভাববে, সেটি তিনি নিজের মতো করে নির্ধারণ করে দিতে চান না। বরং সন্তানদের নিজেদের পরিচয় ও মতামত গড়ে নেওয়ার স্বাধীনতা দিতে চান তিনি।
পোলানস্কির সঙ্গেও সন্তানদের নিজেদের মতো করে বেড়ে ওঠার বিষয়ে তাদের অনেক আলোচনা হয়েছে বলে জানিয়েছিলেন গাগা। তার ভাষায়, পৃথিবীতে আসার পর শিশুদের কী ভাবতে হবে, কী বিশ্বাস করতে হবে, এমনকি কী খেতে হবে সবকিছুই নানা দিক থেকে বলে দেওয়া হয়। তাই তিনি সন্তানদের নিজেদের পরিচয় খুঁজে নেওয়ার সুযোগ দিতে চান।
গাগা ও পোলানস্কির সম্পর্কের শুরু ২০১৯ সালের দিকে। ২০২৪ সালের জুলাইয়ে প্যারিসে অলিম্পিক গেমসের একটি অনুষ্ঠানে তাদের বাগদানের বিষয়টি প্রকাশ্যে আসে।















