প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ১:৫১:১৩ প্রিন্ট সংস্করণ
রাজধানীর উত্তরা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ‘একটা চাদর হবে’খ্যাত সংগীতশিল্পী জেনস সুমন। আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে উত্তরার ৪ নম্বর সেক্টরের মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এর আগে, উত্তরা ১২ সেক্টরে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। তথ্যটি জানিয়েছেন সুরকার-সংগীত পরিচালক ইথুন বাবু।
হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জেনস সুমন। পারিবারিক সূত্র জানায়, দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়; তবে চিকিৎসকেরা তাকে আর বাঁচাতে পারেননি।
নব্বইয়ের দশকের শেষ দিকে সংগীতে পথচলা শুরু করেন সুমন। তার প্রকৃত নাম ছিল গালিব আহসান মেহেদী, তবে ‘জেনস সুমন’ নামেই তিনি সংগীত অঙ্গনে পরিচিত ছিলেন। বিটিভিতে প্রচারিত ‘একটা চাদর হবে’ গানটি তাকে রাতারাতি খ্যাতি এনে দেয়।
সংগীত ক্যারিয়ারে সুমন উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় অ্যালবাম- ‘আশীর্বাদ’ (১৯৯৭), ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘আয় তোরা আয়’, ‘একটা চাদর হবে’, ‘চেরী’ ইত্যাদি। ২০০৮ সালে প্রকাশিত ‘মন চলো রূপের নগরে’ ছিল তার সর্বশেষ অ্যালবাম; এরপর দীর্ঘ সময় ছিলেন আলোচনার বাইরে।
১৬ বছরের বিরতির পর গত বছর ‘আসমান জমিন’ গানের মধ্যদিয়ে আবারও সংগীতে ফেরেন সুমন। এরপর নিয়মিত গান প্রকাশ করছিলেন। তার সর্বশেষ প্রকাশিত গান ‘আমি চাইব না’। সুমনের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে।











