প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭:৩৬:৩৬ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মালবাহী ট্রেনের একটি পাথরবোঝাই বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার মশাখালী ও কাওরাইদের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিস্তা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটারসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রেনটি গফরগাঁও স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া পাঁচটায় গোলাবাড়ি এলাকায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা- ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। বগি উদ্ধার করে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দীর্ঘ সময় লাগতে পারে।





















