সারাদেশ

খুমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুইপ বকুল

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৬ , ৬:১৭:৫৬ প্রিন্ট সংস্করণ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। হাসপাতালের ব্যবস্থাপনা কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা, সমন্বয় ও সেবার মানোন্নয়নের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ এই সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে প্রতিদিন খুলনাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তবে রোগীর অতিরিক্ত চাপ, শয্যাসংকট, চিকিৎসক ও জনবল ঘাটতি এবং নানা ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতার কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রায়ই হিমশিম খেতে হয়।

 

নতুন সভাপতি হিসেবে রকিবুল ইসলাম বকুলের এই দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এবং সাধারণ রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমানোর জোরালো প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো গেলে মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

আরও খবর

Sponsered content