প্রচ্ছদ

ইসরাইলি হামলার পর লেবাননের ‘নতুন যুদ্ধের’ হুঁশিয়ারি

  আন্তর্জাতিক ডেস্ক ২২ মার্চ ২০২৫ , ৭:০৭:২৬ প্রিন্ট সংস্করণ

ইসরাইল গাজায় ফের হামলা শুরু করার পর গাজা, ইয়েমেন ও লেবানন থেকে একজোটে রকেট হামলা চালানো হয় ইসরাইলের বিভিন্ন অঞ্চলে। জবাবে তিনটি অঞ্চলেই অবিরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। দক্ষিণ লেবাননেও বিমান ও রকেট হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

এরই জেরে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ইসরাইলকে সতর্কবার্তা দিয়ে বলেছেন, তার দেশ একটি নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, ‘দক্ষিণ সীমান্তে আবারও সামরিক অভিযান শুরু হলে তা লেবাননকে এক ভয়াবহ যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে। যা দেশটির জনগণের জন্য মারাত্মক দুর্ভোগ বয়ে আনবে’।

শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী সালাম আরও বলেন, ‘যুদ্ধ ও শান্তির বিষয়ে লেবানন নিজেই সিদ্ধান্ত নেবে, অন্য কেউ নয়’।

ইসরাইলের হুমকি ও প্রতিক্রিয়া

এর আগে ইসরাইলের নতুন সেনাপ্রধান এয়াল জামির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের দায়িত্ব তাদের সীমান্ত নিরাপদ রাখা এবং এই রকেট হামলার জন্য তীব্র প্রতিশোধ নেওয়া হবে।

এই উত্তেজনার মধ্যেই ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারম্যান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করে বলেছেন, ‘একই দিনে গাজা, ইয়েমেন ও লেবানন থেকে রকেট হামলা! প্রধানমন্ত্রী নেতানিয়াহুই এখন ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি’।

সীমান্ত সংঘাত ও যুদ্ধের আশঙ্কা

এদিকে ইসরাইল সীমান্তে রকেট হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে তীব্র কামান ও বিমান হামলা চালিয়েছে। যা ইতোমধ্যেই ভঙ্গুর অস্ত্রবিরতিকে আরও বিপজ্জনক করে তুলেছে।

প্রায় তিন মাস শান্ত থাকার পর শুক্রবার লেবানন থেকে ইসরাইলের দিকে নতুন করে রকেট হামলা হয়েছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে চরমে নিয়ে গেছে।

বর্তমান পরিস্থিতি বিশ্লেষকরা বলছেন, যদি সংঘাত আরও বৃদ্ধি পায়, তাহলে ইসরাইল ও লেবাননের মধ্যে একটি সম্পূর্ণ যুদ্ধ শুরু হতে পারে।

এমআই

আরও খবর

Sponsered content