সারাদেশ

সারিয়াকান্দিতে ধানের শীষের বিজয় হলে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: কাজী রফিকুল ইসলাম

  মোঃ রাশেদ মিয়া স্টাফ রিপোর্টার, বগুড়া ৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩৭:২৯ প্রিন্ট সংস্করণ

বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে সারিয়াকান্দিতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হবে। একইসঙ্গে গত দেড় দশকের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটিয়ে সারিয়াকান্দি ও সোনাতলাকে আধুনিক উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সারিয়াকান্দি উপজেলার নারচী গণকপাড়ায় আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ধানের শীষের সরকার গঠিত হলে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, যাতে প্রতিটি নাগরিক সামাজিক সুরক্ষা পায়। উন্নয়ন কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং হবে সর্বজনীন।

তৃণমূলের মানুষের অর্থনৈতিক মুক্তির কথা উল্লেখ করে কাজী রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে পরিবারের গৃহকর্ত্রীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ প্রবর্তন করা হবে। এসব কার্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি সরকারি সুযোগ-সুবিধা ও ভর্তুকি পৌঁছে দেওয়া হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, যমুনা নদীর তীরবর্তী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। নির্বাচিত হলে নদীভাঙন রোধসহ চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা হবে।

নারচী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনির সঞ্চালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আযম বাবু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

আরও খবর

Sponsered content