প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৬ , ২:২০:২৭ প্রিন্ট সংস্করণ
এনসিপি অনেক মেধাবী তরুণদের লোভের ফাঁদে ফেলেছিলো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ।
আজ বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, সাবেক সংসদ সদস্য শাম্মী আহম্মেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী আবদুর রাজ্জাক ওরফে রিয়াদসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই। তদন্তে চাঁদা দাবি, গ্রেপ্তারের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা আদায় করে রিয়াদ। এই বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রিয়াদ বলেন, ‘আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি।’ টাকার লোভ সামলাতে না পেরে তিনি চাঁদা চেয়েছিলেন বলে জানান।
ওই পোস্টে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর সুযোগ ছিলো তরুণদের নিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মান করা। কিন্তু সেই সুযোগ নষ্ট করেছে এনসিপি। অর্ন্তবর্তীকালীন সরকারের পৃষ্ঠাপোষকতায় গড়ে উঠে এই এনসিপি নামক কিংস পার্টি। এই কিংস পার্টি সরকারি সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে লোকদের তাদের দলে ভেড়ায়। এনসিপিতে যোগ দিলেই সরকারি সব অফিসে আলাদা মূল্যায়ন এবং ইনকামের সুযোগ এমন পরিস্থিতি সব জায়গায় তৈরি করা হয়। এনসিপি অনেক মেধাবী তরুণদের লোভের ফাঁদে ফেলেছিলো। সে ফাঁদে পা দিয়েছিলো এই রিয়াদের মত অনেক তরুণ। এর দায় এনসিপি কোন ভাবে এড়াতে পারে না।





















