প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৮:৪২:০৩ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তার পক্ষে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মাহফুজ আলমের বাড়ি রামগঞ্জ উপজেলায়। উপদেষ্টা পদে দায়িত্ব পালনের সময় গুঞ্জন ছিল, তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করবেন। অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই আসনে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হলো।
জানা যায়, একই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি মাহফুজ আলমের ভাই। তাদের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জের ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
মাহফুজ আলম ও তার ভাই মাহবুব আলমের মনোনয়নপত্র সংগ্রহের কথা গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগঞ্জের ইউএনও ফারাশিদ বিন এনাম।




















