সারাদেশ

শিক্ষিকাকে দা দিয়ে কোপানোর অভিযোগে ছাত্রীর মা গ্রেপ্তার

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ৯:২৭:৪৫ প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জের ভৈরবে মেয়ের শিক্ষিকা সিঁথি সীমিতাকে (২৮) দা দিয়ে কোপানোর অভিযোগে প্রিয়া বেগম (২২) নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার সকালে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক প্রিয়া বেগম উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকার মতি চান্দের বাড়ির হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী।

জানা গেছে, সিঁথি সীমিতা ভৈরব উপজেলা শিবপুর ইউনিয়নের গাজিরটেক এলাকার মৃত সুলয়মান মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন। পাশাপাশি টিউশনি করেন। প্রতিদিনের মতো সোমবার সকালে একই এলাকার বায়েজিদ মিয়ার বাসায় তার মেয়েকে পড়াতে যান তিনি। পড়ানো শেষ করে বাড়ি ফেরার সময় বায়েজিদ মিয়ার বাসায় ফেলে আসা ছাতা আনতে গেলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে যান প্রিয়া বেগম। তিনি দা দিয়ে সিঁথিকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে সিঁথির চিৎকার শুনে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। পরে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল কবির বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আগামীকাল মঙ্গলবার আসামি প্রিয়া বেগমকে আদালতে পাঠানো হবে।

আরও খবর

Sponsered content