মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ৮ নভেম্বর ২০২৫ , ৯:০৩:৪৩ প্রিন্ট সংস্করণ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি রাজনৈতিক শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দিনাজপুর-৩ (সদর) আসনে নিজেদের প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আয়োজিত গণঅধিকার পরিষদের জনসমাবেশে সংগঠনটির সভাপতি নুরুল হক নুর প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম। নুরুল হক নুর বলেন, দেশের যে সব জাতীয় নেতৃবৃন্দ গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন, যেমন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরসহ আরও অনেকে, তাদের প্রতি রাজনৈতিক সৌজন্যতা ও সম্মান প্রদর্শন করা জরুরি। তাই এসব জাতীয় নেতাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রার্থী না দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির পথ দেখানো উচিত।
তিনি বলেন, আমরা যদি সত্যিকারের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, তবে নেতিবাচক প্রতিযোগিতা নয়, পরস্পরের প্রতি সম্মান দেখিয়ে এগিয়ে যেতে হবে। গণঅধিকার পরিষদ সেই পরিবর্তনের উদ্যোগ নিতেই দিনাজপুর-৩ আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহিম, হানিফ কান রাজিব, নির্বাহী সদস্য মো. কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের রাজনীতিতে নতুন মূল্যবোধ, স্বচ্ছতা ও সৌজন্যমূলক আচরণের যে প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যে রয়েছে, গণঅধিকার পরিষদের সিদ্ধান্ত সেই প্রত্যাশাকে আরও শক্তিশালী করবে।
সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





















