প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৬ , ১২:৪৪:৫৭ প্রিন্ট সংস্করণ
ঢাকা থেকে খুলনাগামী ১১ দলীয় ঐক্যের লংমার্চে বিভিন্ন জেলায় পথসভা করার পরিকল্পনা থাকলেও গোপালগঞ্জে পথসভা না করার সিদ্ধান্ত নিয়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী সেখানে কোনো পথসভা করবে না।
আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘জামায়াতে ইসলামী ঢাকা থেকে লংমার্চ করে খুলনা যাচ্ছে, পথিমধ্যে সব জেলায় পথসভা করবে, শুধুমাত্র গোপালগঞ্জে করবে না! এই বিষয়টি নিয়ে তারা আবার প্রেস ব্রিফিং করে ঘোষণাও দিয়েছে। একটা দল রাজনৈতিকভাবে কতটা অপরিপক্ক হলে এসব বিষয়ে প্রেস ব্রিফিং করতে পারে!’
‘অথচ তারা প্রায়ই বক্তব্যে বলে, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না! কিন্তু গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে কোনো পথসভা করবে না! এই হলো তাদের ঈমান, এই হলো তাদের সাহস’, বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
জামায়াতের রাজনৈতিক সাহসিকতা নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন লেখেন, ‘ঠিক এই ঈমান ও সাহস নিয়ে সাদিক কায়েমরা নাকি গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিলো! আজকে গোপালগঞ্জ দখলের একটা নকশা রেডি করে লংমার্চ টু গোপালগঞ্জ করা যেতো না?’
তিনি লেখেন, ‘না! জামায়াত জোট কোনো ঝামেলায় জড়াতে চায় না, ঝুঁকিও নিতে রাজি না! তারা একটি নির্ঝঞ্ঝাট বিরোধীদল হবে, গোপালগঞ্জে পথসভা করলে সেটা নাকি উস্কানি হয়ে যাবে, এজন্য লংমার্চ সফলের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার গোপালগঞ্জবাসীর দোয়া চেয়েছেন!’
পোস্টের শেষে রাশেদ খাঁন লেখেন, ‘জনগণ জামায়াতের কাছ থেকে একটা ফাইট দেখতে চেয়েছিলো! জামায়াত যদি গোপালগঞ্জ অভিমুখে লংমার্চ নিয়ে গিয়ে গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করার দুঃসাহস দেখাতো, সেক্ষেত্রে না হয় জনগণ বিশ্বাস করতো যে, সাদিক কায়েমরা সত্যিই গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিলো!’





















