তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ২০ নভেম্বর ২০২৫ , ৩:০৬:৫৪ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের কালীগঞ্জে “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে আয়োজিত এ সমাবেশে উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রী–কর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
ঝিনাইদহ জেলা মহিলা দলের সদস্য মোছা. ইসমোতারা পারভিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।
বাবুল আকতার–এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, মাহাবুবুর রহমান মিলন, আব্দুল আলিম, বাবুল আকতার, সোহরাব হোসেন রাজু, আমিন গাজি ও আশরাফুজ্জামান লাল প্রমুখ।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রণীত ২১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের কল্যাণে কাজ করে। নারীর ক্ষমতায়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও উন্নয়নে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে নারীদের জন্য বিশেষ অগ্রাধিকার রয়েছে। তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে নারীর ভূমিকা অনস্বীকার্য। আগামী দিনের রাজনৈতিক পরিবর্তনেও নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ বছরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নানা নির্যাতনের শিকার হওয়ার ঘটনাগুলো স্মরণ করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “বিগত সরকার সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। গণতন্ত্রবিরোধী আচরণের ফলে দেশ এক গভীর সংকটে পড়েছিল। কিন্তু জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই অন্ধকার সময় থেকে মুক্ত হয়েছি, ফিরে পেয়েছি স্বাধীনতা।”
সমাবেশে বক্তারা তারুণ্য ও নারীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।




















