আন্তর্জাতিক

সৌদিতে আরামকোর স্থাপনায় হামলার দাবি হুথিদের

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ২:২৮:০৯ প্রিন্ট সংস্করণ

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনা ও একটি বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীরা। এসব হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, সৌদি আরবের আবহা, নাজরান ও জিজান এলাকায় আরামকোর স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। খামিস মুশাইত এলাকার একটি বিমানঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে জানান তিনি।

সারি বলেন, এসব হামলায় কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, সৌদি কর্তৃপক্ষও দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি জ্বালানি স্থাপনায় হুথিদের হামলার কথা নিশ্চিত করেছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর কয়েকটি স্থাপনায় আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন আহত হন।

আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে অগ্নিনির্বাপণ ও অন্যান্য জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। হামলার কারণে কিছু জ্বালানি স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বলেও জানা গেছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অনুমোদিত পরিচালন পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তবে হামলায় আরামকোর কোন কোন স্থাপনা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জ্বালানি উৎপাদন বা সরবরাহে এর দীর্ঘমেয়াদি প্রভাব কী হবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

 

আরও খবর

Sponsered content